টাঙ্গাইল প্রতিনিধি- সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণ পরিবহন চলাচল করছে। করোনাভাইরাসের কারনে মহাসড়কে এসব বন্ধ থাকার কথা থাকলেও যানবাহনগুলো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে।
শনিবার (৭ আগস্ট) মহাসড়কের এলেঙ্গা, রসুলপুর, রাবনা, কান্দিলা, আশেকপুর, তারটিয়া, করটিয়া এলাকায় দূরপালার বাস চলাচল করতে দেখা যায়।
এলেঙ্গা বাসস্ট্যান্ডে এক পাম্পে কথা হয় গাইবান্ধা থেকে আসা বাস চালক সোলায়মান মিয়ার সাথে। তিনি বলেন, গত সপ্তাহে গার্মেন্টস খোলার কারণে এক দিনের জন্য সরকার বাস খুলে দেয়। তখন গিয়ে আটক পড়েছিলাম। আজকে ঢাকায় ফিরছি।
সিরাজগঞ্জ থেকে আসা বাস চালক হুমায়ন বলেন, সকাল বেলায় পুলিশ থাকে না। সড়কে বাস টানের উপরে থাকলে পুলিশ দেখলেও কিছু বলে না।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, দূরপালার বাস টাঙ্গাইল অংশে আসলে ঘুরিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়াও ৩০টি যানবাহনে মামলা দিয়ে সেগুলোকে ঘুরিয়ে দেয়া হয়েছে।
