রোহিঙ্গাদের বোঝা বহন সম্ভব নয়: সাফ জানিয়ে দিলো বাংলাদেশ

নজর২৪ ডেস্ক- রোহিঙ্গাদের বোঝা আজীবন বহন করা সম্ভব না বলে দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলোর জোট আসিয়ানকে জানিয়েছে বাংলাদেশ।

 

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৮তম সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

তিনি জানান, যদিও বাংলাদেশ ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন বা ১৯৬৭ সালের প্রটোকলের স্বাক্ষরকারী নয়। তারপরও শুধুমাত্র মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ ১.১ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান করেছে।

 

মোমেন বলেন, ৬ হাজার ৮০০ একর সার্বভৌম বনভূমি আপোস করে বাংলাদেশের পক্ষে অনির্দিষ্টকালের জন্য এ বোঝা বহন করা সম্ভব নয়। এ অঞ্চলের জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব প্রশমনের জন্য রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা জরুরি।

 

রোহিঙ্গা ইস্যুকে আঞ্চলিক সংকট হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় আশিয়ানভুক্ত দেশগুলোর কার্যকর ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী। সমন্বিত উদ্যোগ গ্রহণে আশিয়ান নেতাদের আহ্বান জানান তিনি।

 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন আঞ্চলিক ইস্যু যেমন রোহিঙ্গা শরণার্থী সঙ্কট, জলবায়ু পরিবর্তন, পরমাণু, সাইবার নিরাপত্তা ও অন্যান্য আঞ্চলিক সমস্যা সম্পর্কে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন।

 

এআরএফের গতিশীল নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোতে সুশাসন ও শক্তিশালী অর্থনীতির ভীত রচিত হবে বলে ড. মোমেন আশা প্রকাশ করেন।

 

করোনা মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেয়ার সময় জনকল্যাণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়ায় ভ্যাকসিনকে ‘পাবলিক গুড’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এর প্রযুক্তি সবার মধ্যে সমভাবে বণ্টন হওয়া উচিত। সেইসঙ্গে সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন উৎপাদনের ওপরও জোর দেন ড. মোমেন।

 

তিনি বলেন, সংবিধানে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করায় বাংলাদেশ সব সময় স্বপ্রণোদিত হয়ে অস্ত্র প্রতিযোগিতা এবং অস্ত্রীকরণ থেকে নিজেকে বিরত রেখেছে। জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকে বাংলাদেশ সবসময় জাতিসংঘের নিরস্ত্রীকরণ কূটনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

 

২৮তম আসিয়ান আঞ্চলিক ফোরামের সভা ব্রুনাইয়ে অনুষ্ঠিত হয়। এবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের ভার্চুয়ালি নেতৃত্ব দেন ড. মোমেন। বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, উপ-পররাষ্ট্রমন্ত্রীসহ ২৬টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এবারের বৈঠকে অংশ নেন। এবারের সভায় সভাপতিত্ব করেন ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী ডাটো এরিওয়ান পেহিন ইউসুফ।

 

এআরএফ সদস্য দেশ অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, কোরিয়া প্রজাতন্ত্র, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দ্রুততম সময়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে একমত প্রকাশ করেন। তারা রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ স্বদেশ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *