আওয়ামী লীগের কর্মসূচিতে ওসির স্লোগান, ফেসবুকে ভিডিও ভাইরাল

নজর২৪ ডেস্ক- শরীয়তপুরের সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে যেখানে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনকে দলীয় স্লোগান দিতে দেখা যাচ্ছে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে বুধবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করেছিল।

 

শরীয়তপুর শহরের চৌরঙ্গি মোড়ে ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের সঙ্গে কেক কাটা হয়। এই কর্মসূচির ২৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।

 

ভিডিওতে ওসি আক্তার হোসেনকে টি-শার্ট পরিহিত অবস্থায় মোমবাতি হাতে দলীয় স্লোগান দিতে দেখা যাচ্ছে। ওসি স্লোগান দিচ্ছেন, ‘শুভ শুভ শুভ দিন, শেখ কামালের জন্মদিন; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; আমরা সবাই মুজিব সেনা, ভয় করিনা বু-লে-ট বো-মা।’

 

স্লোগানের সঙ্গে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও আওয়ামী লীগের নেতারা কণ্ঠ মেলাচ্ছেন।

 

স্থানীয় সূত্রগুলো জানায়, শেখ কামালের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছি সদর উপজেলা আওয়ামী লীগ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ইকবাল হোসেন অপু। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর।

 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে পালং মডেল থানার পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। সেখানে ওসি আমাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। ওসি আক্তার হোসেন একসময় ছাত্রলীগ করতেন। তিনি কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।’

 

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা প্রকাশ্যে এমন কর্মকাণ্ড করতে পারেন না। কাজটি করে পালং মডেল থানার ওসি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানানো হবে।

 

জানতে চাইলে পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘আমি ছাত্রলীগ করতাম। আওয়ামী লীগের নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি। এতে কোনো বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *