পুলিশ হেফাজতে ট্রাক শ্রমিকের মৃত্যু, বগুড়ায় মহাসড়ক অবরোধ

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ট্রাক শ্রমিক লিটন মিয়া (৪৫) ঢাকায় পুলিশ হেফাজতে মারা যাওয়ার প্রতিবাদে বগুড়ায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়।

 

বুধবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

 

ট্রাক শ্রমিক লিটন মিয়া বগুড়ার কাহালু থানার পাল্লাপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। তিনি আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া শাখার সদস্য। তার নামে বগুড়ার কাহালু থানা ছাড়াও ঢাকা ও চট্টগ্রামে চারটি মাদক মামলা রয়েছে।

 

আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার সভাপতি আব্দুল মান্নান মন্ডল জানান, লিটন মিয়া গত ৩০ জুলাই চট্টগ্রাম থেকে ট্রাকে সরকারি খাদ্য গুদামের চাল নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি খাদ্য গুদামে আসেন। সেখান থেকে র‌্যাব সদস্যরা লিটন মিয়াকে গ্রেফতার করে ঢাকার উত্তরা পূর্ব থানায় সোপর্দ করেন। থানা হেফাজতে থাকা অবস্থায় ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পুলিশী নির্যাতন করে লিটন মিয়াকে হত্যা করা হয়। ৩ আগস্ট জানানো হয় থানা হেফাজতে লিটন মিয়া আত্মহত্যা করেছে।

 

এদিকে ৪ আগস্ট বুধবার লিটন মিয়ার মৃতদেহ গ্রামের বাড়ি কাহালু থানার পাল্লাপাড়ায় নিয়ে যাওয়ার সময় বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে মৃতদেহ রেখে শ্রমিকরা সড়ক অবরোধ করে। ফলে মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। মারা যাওয়া লিটন মিয়ার নামে বিভিন্ন থানায় ৪টি মা-দ-ক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *