১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিল: ফখরুল

নজর২৪, ঢাকা- ১৫ আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিল। খন্দকার মোশতাকের নেতৃত্বে ৩১ জন মন্ত্রিসভায় শপথ নিয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সোমবার (২ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলায় করোনা হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে অন্যদের দোষারোপ করে লাভ নেই। হত্যা, সন্ত্রাস ও প্রতারণার রাজনীতি বাদ দিয়ে সংশোধন হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ। জনগণের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। চিকিৎসা না পেয়ে হাসপাতালের বারান্দায় ও রাস্তায় মরছে মানুষ। সরকার ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।

 

বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা দেখেছেন, ঢাকা থেকে গাদাগাদি করে হাজার হাজার মানুষ বাড়ি গেল। এখন হঠাৎ করেই ১ তারিখ থেকে কলকারখানা সরকার খুলে দিল। যানবাহন খুলল না। ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পায়ে হেঁটে, রিকশায়, যে যেভাবে পারে কাজে যোগ দিতে ঢাকায় এসেছে। এরপরে তাদের বোধোদয় হয়েছে যে রাত্রিতে বলল, গতকাল দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন খোলা থাকবে। তুঘলকও হেরে যায়। আমি এ জন্য কয়েক দিন আগে বলেছিলাম, আমার কাছে মনে হয় যাঁরা এসব সিদ্ধান্ত দেন, তাঁরা সব পাবনা হেমায়েতপুর থেকে এসেছেন।’

 

‘এটা তাদের সিদ্ধান্তহীনতা নয়, এটা পরিকল্পিত’ এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, তারা তো বলেই যে বাংলাদেশে ৫ লাখ লোক ১০ লাখ লোক মরে গেলে কী হবে। এই হচ্ছে এই সরকার। যাদের জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই, যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে রাজনৈতিকভাবে। এখন তারা মানুষের জীবন-জীবিকা নিয়ে বিশ্বাসঘাতকতা করছে।

 

নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টরস অ্যাসোসিয়েশন, আমাদের দলের স্বাস্থ্যবিষয়ক কমিটি তারা মানুষের সঙ্গে থেকে তাদের সহযোগিতা করছে। বিএনপি জনগণের পাশে আছে, পাশে দাঁড়াচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *