করোনার সংক্রমণ ও মৃত্যুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয় : স্বাস্থ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ​মন্ত্রণালয়ের কাজ হলো স্বাস্থ্যসেবা দেওয়া, যা আমরা হাসপাতালে দিচ্ছি।

 

আজ সোমবার (০২ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের দায়িত্ব টিকা দেয়া, আমরা টিকা দেয়ার চেষ্টা করছি। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আসলে আমাদের দায়িত্ব তাকে সেবা দেয়া, চিকিৎসা দেয়া। এটাও বলি হাসপাতালে কতগুলো বেড আছে, কতগুলো খালি আছে, কতটুকু ভর্তি আছে। তা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে জানানো হয়।

 

তিনি বলেন, ‘কীভাবে সংক্রমণ বৃদ্ধি পায় তা সকলেই জানে। আপনারা ফেরিতে দেখেন কীভাবে লোক আসে, দোকানপাটে কীভাবে লোকে চলাফেরা করে, মাস্ক পরে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখে না, যার ফলে সংক্রমণটা বাড়ে। কিন্তু ওখানে তো আমাদের কেউ নেই। ডাক্তার-নার্সরা তো আর ফেরি কন্ট্রোল করে না, আমাদের ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে না। সেটা কন্ট্রোল করার দায়িত্ব অন্য বিভাগের রয়েছে।’

 

জাহিদ মালেক বলেন, আমরা বিভিন্ন দেশ ও সংস্থার টিকা পাচ্ছি। এরই মধ্যে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রোজেনেকার টিকা পেয়েছি। মর্ডানার টিকা পেয়েছি, ফাইজারের টিকা পেয়েছি। ভারতের কাছে অ্যাস্ট্রোজেনেকার ২ কোটিরও বেশি টিকা পাওনা রয়েছে। চীনের সঙ্গে চুক্তি করে সিনোফার্মের অনেক টিকা পেয়েছি। এ মাসে ৫০ লাখ টিকা আসা নিশ্চিত হয়েছে। হয়তো এর বেশিও আসতে পারে। ফাইজারের টিকাও এ মাসে আসার কথা রয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে টিকা নেওয়ার চুক্তিতে আমরা আছি। সেখানেও আমাদের ১ কোটি টিকার অর্ডার দেওয়া আছে। এছাড়া আগামী বছর জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি টিকা পাওয়ার কথা রয়েছে। বিভিন্ন দেশে টিকা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, যেভাবে টিকা পাচ্ছি, তাতে আমরা ভালো একটা অবস্থানে থাকবো।

 

তিনি বলেন, আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে বয়স্কদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রায় ১৪ হাজার টিকা কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে। আশা রাখছি, প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলে প্রায় ১ কোটি টিকা দিতে পারবো। আগামীতেও টিকা পাওয়া সাপেক্ষে আমাদের এ কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *