নজর২৪ ডেস্ক- কঠোর লকডাউনের মধ্যে হঠাৎ ঘোষণা দিয়ে পোশাক কারখানা খোলার সমালোচনা করে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ৩১ জুলাই সন্ধ্যায় সরকার সিদ্ধান্ত নেয় যে গণপরিবহন আজ (রোববার) দুপুর ১২টা পর্যন্ত চলবে। এর মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে সরকারের কাজের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। সরকারের এই সমন্বয়হীনতা নতুন নয়।
রোববার (১ আগস্ট) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে এক নাগরিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘করোনা মোকাবিলা, শ্রমিকদের হয়রানি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ সার্বিক পরিস্থিতি’ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, এই সমন্বয়হীনতা নতুন নয়। গত বছরের শুরু থেকে লকডাউন দেয়া, গার্মেন্টস খোলা, শ্রমিকদের ঢাকা আনা-নেয়া নিয়ে অন্তত পাঁচবার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নুর বলেন, কোনো শ্রমিক যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যান তাহলে সেই শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কেউ আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যয় মালিককে বহন করতে হবে। এছাড়া তিনি অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিকদের আগে টিকা দেয়ার আহ্বান জানান।
