Home প্রধান খবর চিত্রনায়িকা একা আটক, বাসায় মিলল ইয়াবা-গাঁজা

চিত্রনায়িকা একা আটক, বাসায় মিলল ইয়াবা-গাঁজা

0
133

বিনোদন ডেস্ক- গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক সময়ের চিত্রনায়িকা একাকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রামপুরা এলাকায় তার নিজ বাসা বন্ধু নিবাস থেকে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একা নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ বলেন, রামপুরার নিঝুম এলাকার বাসা থেকে একাকে আটক করা হয়েছে। এ সময় গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, এছাড়াও চিত্রনায়িকা একার ঘর থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে তার বিরুদ্ধে দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

গৃহকর্মীর স্বামীর বরাতে হাতিরঝিল থানা পুলিশ জানায়, চিত্র নায়িকা একার বাসায় প্রায় তিন মাস ধরে ছুটা বুয়ার কাজ করত ভুক্তভোগী। সম্প্রতি বাসা পাল্টানোর ফলে অতিরিক্ত সময় কাজের কথা জানালে গৃহকর্মী অন্য বাসায় কাজে যেতে দেরি হবে তাই অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হন একা। ‘তোমার আর কাজ করতে হবে না’ এমন কথার প্রেক্ষিতে ওই গৃহকর্মী তার বেতন চান। এতে নায়িকা একা রাগান্বিত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন।

 

প্রসঙ্গত, চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে।

 

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবি দুটিতে মান্না ছিল তার নায়ক।

 

এছাড়াও রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও সাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন।

 

সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা গিয়েছে। ত্রিশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here