আ.লীগ থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে হচ্ছে ৫ মামলা

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ থেকে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

 

তিনি জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও টেলিযোগাযোগ আইনে মামলাগুলো দায়ের করা হবে।

 

সম্প্রতি আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে গ্রেপ্তার করে র‌্যাব। রাত ৮টা থেকে হেলেনার গুলশানের বাসায় অভিযান শুরু হয়।

 

সেই অভিযান চলে রাত সোয়া ১২টা পর্যন্ত। এরপর তাকে তুলে নেন র‌্যাব সদস্যরা। অভিযানে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিপুল পরিমাণ আমদানি করা ম- দ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকিটকি, চা- কু উদ্ধার করা হয়।

 

গৃহবধূ থেকে ব্যবসায়ী হয়ে সিআইপির (কমার্শিয়ালি ইমপর্টেন্ট পারসন) স্বীকৃতি পাওয়া এই ব্যবসায়ী সম্প্রতি তুমুল আলোচিত হয়ে ওঠেন ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের প্রচার চালাতে গিয়ে। আওয়ামী লীগের এই নামে কোনো সংগঠন নেই। সে জন্য তিনি এই সংগঠনকে সামনে নিয়ে আসার পর ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকদের কাছ থেকে তুমুল সমালোচনার মুখে পড়েন।

 

এ ঘটনায় আওয়ামী লীগের পদ হারান হেলেনা। ক্ষমতাসীন দলের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যপদ ছাড়াও কুমিল্লা উত্তর আওয়ামী লীগের উপদেষ্টার পদ থেকেও অব্যাহতি দেয়া হয় তাকে। ওই ঘটনায় পিছুটান দেন হেলেনা। বলেন, তিনি ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে এই সংগঠনের কেউ না। তাকে সম্প্রতি সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *