শেরপুরে করোনা টিকা গ্রহণের সিরিয়াল নিয়ে হাতাহাতি

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে করোনার টীকা নেওয়ার সিরিয়াল নিয়ে হাতাহাতিতে দুইজন আহত হয়েছেন।

 

আহতদের মধ্যে একজন উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক। অপরজন ঝিনাইগাতী সদর ইউনিয়নের দিঘীরপাড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র স্বাস্থ্য কর্মী মোস্তাফিজুর রহমান সোহেল।

 

হাসপাতাল সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দিঘীরপাড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র স্বাস্থ্যকর্মী মোস্তাফিজুর রহমান সোহেল তার ক্লিনিকের ঔষধ নেওয়ার জন্য ঝিনাইগাতী হাসপাতালের ষ্টোরে আসেন। এমন সময় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক আসেন করোনার প্রথম ডোজের টিকা গ্রহনের জন্য।

 

করোনার টিকা গ্রহনকারীদের ভীড় থাকার কারণে সিএইচসিপি মোস্তাফিজুর রহমান সোহেল সকলের বসার জন্য ভিতর থেকে চেয়ার এনে সবাইকে স্ব- স্ব স্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে বসতে বললে আতিউর রহমান আতিক উত্তেজিত হয়ে প্রথমেই সিইচসিপি সোহেলের গায়ে আঘাত করেন। পরে সোহেলও আতিকের গায়ে হাত তুলেন। উত্তেজিত জনতা আতিককে আক্রমন করেন। এ ঘটনায় দু’ জনই আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।

 

ঘটনার খবর পেয়ে এসআই রাজ্জাকসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে উভয়ের খোঁজ খবর নেন এবং সোহেলের এমন কমর্কান্ডের জন্য নিন্দা প্রকাশ করেন।

 

এইচসিপি সোহেল জানান, আতিক সাহেবকে নিয়ম মাফিক সিরিয়াল ধরে টিকা নেওয়ার কথা বলায় উত্তেজিত হয়ে প্রথমেই আমার গায়ে হাত তুলেন। পরে উপস্থিত জনতা তাকে আক্রমণ করেন। মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক জানান, স্বাস্থ্যকর্মী সোহেল অন্যায়ভাবে আমার গায়ে হাত দিয়েছে। যা কোন ভাবেই কাম্য নয়।

 

ঝিনাইগাতী হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সেবা নিতে আসা মানুষের কাছ থেকে বিস্তারিত শুনেছি। দুজনেই আহত হয়েছেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *