সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে পীরগঞ্জ উপজেলার বালুরগাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত তাজুল ইসলাম, সুকুমার রায়, খালাশপীর এলাকার শাহীন, মাজিয়া জান্নাত শিশু রাহিকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামের শাহীন তার স্ত্রী ও ছেলেসহ মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। উপজেলার বালুরগাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চতরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়।
