নজর২৪ ডেস্ক- সরকার করোনা নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেছেন, ইউনিয়ন পর্যায়ে টিকা শুরু করার যে ঘোষণা এসেছে, সেটিও এই ধরনের এক বানোয়াট গল্প।
মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই অভিযোগ করেন।
স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকীতে এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তার দাবি, সরকারের উদাসিনতা, অযোগ্যতা, ব্যর্থতার কারণে করোনায় জনগণের জীবন-জীবিকা বিপন্ন হয়ে গেছে।
ফখরুল বলেন, ‘এত বেশি তারা প্রতারণা করে, এত মিথ্যা কথা বলে, এতো ভাঁওতাবাজি করে। দেখেন -টিকাই এখন পর্যন্ত পুরো সংগ্রহ হলো না এবং এখন পর্যন্ত তিন কোটি টিকাই আনতে পারল না ভারত থেকে। তারা এখন বলছে যে, ই্উনিয়ন পর্যায়ে টিকা দেবে। এগুলো জাতিকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়।’
তিনি বলেন, ‘এই সরকার এই একটা জিনিস খুব ভালো পারে অবলীলায় গোয়েবসীয় পদ্ধতিতে মিথ্যা প্রচার করতে থাকে এবং সেই মিথ্যাকে সত্য প্রমাণিত করতে থাকে।‘
বিএনপি মহাসচিব বলেন, মানুষকে জাগাতে হবে, তাদেরকে নতুন স্বপ্ন দেখাতে হবে। মানুষকে সেই সুদিনের গান শুনাতে হবে যেন তারা জেগে উঠেন। তাদেরকে সেই পথ দেখাতে হবে। সেই পথ নিশ্চয়ই আমাদের নেতা তারেক রহমান নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে।
