সৌদিগামী প্রবাসীকে একসঙ্গেই দেওয়া হলো তিন ডোজ টিকা!

নজর২৪, ঢাকা- রাজধানীতে সৌদিগামী এক প্রবাসীকে একদিনেই দেওয়া হলো পর পর তিন ডোজ করোনার টিকা। সোমবার (২৬ জুলাই) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

সৌদিগামী ওই প্রবাসীর নাম ওমর ফারুক। তার বাড়ি গ্রামে নারায়ণগঞ্জ। তিনি সোমবার সকালে ঢাকায় আসেন টিকা দিতে।

 

ওমর ফারুক বলেন, ‘আমি যখন টিকা কেন্দ্রে ঢুকলাম তখন আমাকে একজন বলল ডান সাইডের কর্নারে যেতে। ওইখানে যখন টিকা দেওয়া শেষ হলো জিজ্ঞেস করলাম, কোথায় যাব? উনি বলল, সামনের দিকে। সামনে আসলাম, ওইখানেও একটা টিকা দিল।

 

ওনাকে জিজ্ঞাস করলাম কোথায় যাব উনিও বলল সামনের দিকে যেতে। সামনে আসলাম আর কিছু জিজ্ঞেস করে নাই। আরেকটা টিকা দিয়ে দিছে। মোট তিনবার টিকা দিয়েছে। পরে বাইরে এসে যখন বাকিদের জিজ্ঞেস করলাম আপনার কয়বার টিকা দিয়েছে, ওনারা বলল একবার টিকা দিয়েছে।’

 

ওমর ফারুকের তিনবার টিকা নেয়ার বিষয়টির পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেননি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনার টিকাদান কার্যক্রমের সমন্বয়ক খোরশীদ আলম।

 

তিনি বলেন, ‘একজন সুস্থ মানুষ কোনো দিন একদিনে তিন ডোজ টিকা নিতে পারেন না।’

 

তবে ওমর ফারুককে কেন তিন ডোজ টিকা দেয়া হলো জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

 

বিষয়টি কীভাবে ঘটল জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘এমন ঘটনা কীভাবে হলো সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চেয়েছি। এমনকি সেই ওমর ফারুককেও ডাকা হয়েছে। তিনি আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’

 

এ বিষয়ে কোনো তদন্ত কমিটি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে টিকাকেন্দ্র কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে।’

 

উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ তার খোঁজখবর রাখছে। তিনি স্বাভাবিক ও সুস্থ রয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *