শেরপুরে এক দিনে সর্বোচ্চ ১৪৬ জনের করোনা শনাক্ত!

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে শেরপুর সদরে ৬৮ জন, নালিতাবাড়ীতে ২৯ জন, নকলায় ১৫ জন, শ্রীবরদীতে ১১ জন ও ঝিনাইগাতী উপজেলায় ২৩ জন রয়েছেন। সব মিলিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৯১ জন।

 

আজ রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর এক বছর তিন মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও একজন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৯।

 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ল্যাব ও র‌্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে মোট ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩১ দশমিক ৭৩ ভাগ। এছাড়া গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১২৩৮ জন ও দ্বিতীয় ডোজ ৩৩ জন এবং মোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৬৫ হাজার ৮৫৬ জন।

 

বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে করোনায় আক্রান্ত ৪৫ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৫৭ জন ভর্তি ছিলেন। করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিদিনই ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে।

 

জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। বর্তমানে সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা পালন করতে হবে। তা না হলে সামনের দিনগুলোয় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।

 

উল্লেখ্য, আজ ২৫ জুলাই পর্যন্ত শনাক্ত ২ হাজার ৯৯১ জনের মধ্যে শেরপুর সদরে ১ হাজার ৯০৯, নকলায় ২৯৯, নালিতাবাড়ীতে ৩২৮, ঝিনাইগাতীতে ১৮৬ ও শ্রীবরদী উপজেলায় ২৬৯ জন রয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। আর ৫৯ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *