মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১ টায় ২ কোটি ৪০ লক্ষ্য টাকা ব্যায়ে নির্মিত চারতলা একাডেমি ভবন ও বঙ্গবন্ধুর ফলক (ম্যুরাল) উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা মহিলা কলেজের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোতাহার হোসেন এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। বাংলাদেশের জন্ম হয়েছে বলেই আমরা স্বাধীনভাবে চলতে পারছি। পাকিস্তানের শাসনামলে বাঙালীরা কি পরিমান বৈষম্যের শিকার হয়েছে তা আমার বয়সী যারা তারাই অনুধাবন করতে পারবে। বঙ্গবন্ধুর অস্তিত্ব অস্বীকার করা মানে দেশের অস্তিত্ব অস্বীকার করা।
বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বের সঙ্গে প্রতারণা করা। আমাদের কোন ভয় নেই কারণ বঙ্গবন্ধুর কন্যা এদেশের প্রধানমন্ত্রী। তিনি এদেশের উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ। আমাদের ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন এদেশ সোনার বাংলায় পরিনত হবে ইনশাআল্লাহ। কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর স্মৃতি ফলক উন্মোচনের মধ্যদিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস এবং ঐতিহ্য অনুধাবন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, জেলা পরিষদ সদস্য হাসান মেহেদী অপন, মর্জিনা বেগম, হাতীবান্ধা মহিলা কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিলু, সিংগীমারী ইউ,পি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সিংগীমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুল্লাহ তাইফুনসহ আরও অনেকে।
এ সময় হাতীবান্ধা মহিলা কলেজের শিক্ষক, শিক্ষির্থী, উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
