সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার তিনটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ২৩ জুলাই শুক্রবার দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃত আকরাম হোসেন (৬৬) শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। এদিকে নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৬০ জন, দুপচাঁচিয়ার আটজন, ধুনটের ছয়জন, সোনাতলার তিনজন, আদমদীঘির দুজন, কাহালুর দুজন, শিবগঞ্জ, শেরপুর ও নন্দীগ্রামের একজন করে ব্যক্তি রয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর জানান, জেলায় দুটি পিসিআর ল্যাবে ২১৫টি নমুনায় নতুন করে আরও ৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৬৯ জন ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ২৮৬ জন। আর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৫২৭ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৯৫ জন।
