ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

নজর২৪ ডেস্ক- মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে গেছে। কয়েক দিন ধরে সারা দেশ বৃষ্টিহীন। সহসা বৃষ্টি হলেও তা ভারী বর্ষণে পরিণত হচ্ছে না। তবে ঈদের সময় অঞ্চলভেদে বৃষ্টির দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে সব অঞ্চলেই বৃষ্টি হবে, তবে সেটা ভারী বর্ষণ নয়।

 

সোমবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে এসব তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার।

 

তিনি বলেন, এখন বর্ষকাল। প্রতিদিনই দেশের অধিকাংশ স্থানে কমবেশি বৃষ্টি হচ্ছে। আগামাী কয়েকদিনও বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ হিসাবে ঈদের দিনও বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এখন পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঈদের দিন রোদ ও বৃষ্টি উভয়ের দেখা পাওয়া যেতে পারে।

 

তিনি জানান, ঈদের আগেরদিন ও ঈদের দিন বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় সকালের দিকে রোদের দেখা মিলতে পাারে। এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আজ দুপুরের দিকে আবহাওয়া অফিস আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

 

এদিকে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তিন থেকে চারদিন পর বৃষ্টিপাত বাড়তে পারে।

 

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *