নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা দিন দিন কঠিন হয়ে পড়ছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘একমাত্র আল্লাহতায়ালাই পারেন এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে।’
আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে শনিবার ভার্চুয়ালি মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের এই সংসদ সদস্য।
ইমামদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় আপনাদের গুরুত্ব অপরিসীম। আপনাদের কথা ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা শোনেন। আপনাদের দোয়ায় জনগণ অংশ নেয়। সেই কারণে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘এই করোনাভাইরাস একটি পরিবার বা একটি ডিস্ট্রিক্ট সামলাতে পারবে না। তাই আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনাগুলো পালনের ব্যাপারে সহযোগিতা করতে হবে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা আপনাদের নেতৃত্বে অবশ্যই আল্লাহর কাছে পানাহ চাইব, যেন আল্লাহ এই মহামারি করোনাভাইরাস থেকে পরিত্রাণ দেন।
‘আল্লাহ কিন্তু বলেছেন, তোমরা নিজেরাও চেষ্টা করো। তাই আপনাদের নিজ নিজ মহল্লাবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ৩১টি নির্দেশনা রয়েছে, তা পালন করার জন্য অনুরোধ করবেন। তাদের বোঝাবেন মাস্ক পরা, সামাজিক দূরত্ব রাখা, স্যানিটাইজার ব্যবহার করলেই করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে।’
মন্ত্রী বলেন, জীবন-জীবিকার মধ্যে ব্যালেন্স আনা সরকারের কাজ। আর সেটা করতে গিয়েই লকডাউন বিষয়ে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরো বলেন, শেখ হাসিনার সাহসিকতায় আমরা করোনার বড় ধরনের প্রভাব থেকে রক্ষা পেয়েছি। বড় বড় রাষ্ট্র যখন করোনার টিকার ব্যবস্থা করেছে ঠিক তখনই শেখ হাসিনা আমাদের জন্য ঠিকা কিনে এনেছেন।
এ সময় ইমামদের উদ্দেশ্যে বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, মহিউস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আসাদ আল হাবিব, খড়মপুর শাহ্পীর কল্লা শহীদ দাখিল মাদ্রাসার প্রিন্সিপ্যল মুফতি কেফায়েত উল্লাহ, ইমাম সমিতির সভাপতি কাজি মাঈনুদ্দিন।।
