Home কৃষি, অর্থ ও বাণিজ্য ইভ্যালিসহ ১০ ই–কমার্সে কেনাকাটা বন্ধ করলো বিকাশ

ইভ্যালিসহ ১০ ই–কমার্সে কেনাকাটা বন্ধ করলো বিকাশ

0
116

নজর২৪, ঢাকা- ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে আর্থিক লেনদেন স্থ‌গিত করেছে দেশের মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

 

শনিবার (১৭ জুলাই) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তারা।

 

এতে বলা হয়েছে, ইভ্যালি ছাড়াও আরও নয়টি প্রতিষ্ঠানের সঙ্গে বিকাশের পেমেন্ট গেটওয়ে সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এই প্রতিষ্ঠানগুলো হলো-আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস।

 

জানতে চাইলে বিকাশের যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার বলেন, ‘১০টি প্রতিষ্ঠানের জন্য বিকাশের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে তাদের ব্যবসা পরিচালনা পদ্ধতি আমরা নিবিড়ভাবে দেখব। সন্তোষজনক পরিস্থিতি তৈরি হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’

 

এর আগে বেশ কিছু ব্যাংক ইভ্যালির সঙ্গে তা‌দের ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন স্থ‌গিত করে। এর ম‌ধ্যে র‌য়ে‌ছে ডাচ-বাংলা ব্যাং‌ক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এম‌টি‌বি), ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক। পাশাপাশি ইউসিবি ও সিটি ব্যাংকও তাদের গ্রাহকদের এসব অনলাইন মার্চেন্টে লেনদেনের বিষয়ে সতর্ক করেছে।

 

এদিকে ইভ্যালির সঙ্গে চুক্তিবদ্ধ বেশকিছু পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ভাউচারের বিপরীতে পাওনা অর্থ পরিশোধ না করায় তারা আর পণ্য দিচ্ছে না। সম্প্রতি ইভ্যালির গিফট ভাউচারে কেনাকাটার নিষেধাজ্ঞা দিয়ে বেশকিছু প্রতিষ্ঠান বিজ্ঞপ্তিও দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here