সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাক চাপায় সরকারি আজিজুল হক কলেজের ছাত্র রিপন মিয়া (২৫) নিহত হয়েছেন।
১৩ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বগুড়া সদরের ভবানীগঞ্জ গ্রামের দুলাল মন্ডলের ছেলে।
জানাযায়, রিপন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্র। করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় তিনি একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করতেন।
মঙ্গলবার সকালে কাজে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দিয়ে কর্মস্থল টিএমএসএস পৌঁছানোর দুই কিলোমিটার আগে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে বালু বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১৩৯৩) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে রিপন ছিটকে সড়কে পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। দুর্ঘটনার পরে ট্রাক রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, ট্রাক চাপায় রিপন নামে একজন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ আছে।
