Home দেশের খবর ডাকাতি করা ২১টি গরু বগুড়ায় উদ্ধার, গ্রেফতার ২

ডাকাতি করা ২১টি গরু বগুড়ায় উদ্ধার, গ্রেফতার ২

0
88

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: ডাকাতি করে আনা গরু ট্রাক থেকে নামানোর সময় ২১টি গরু উদ্ধার করেছে বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে।

 

সোমবার (১২ জুলাই) বিকেলে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

জানা যায়, চট্টগ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৩) উত্তরবঙ্গের বিভিন্ন হাট থেকে ১৬ লাখ টাকায় ২১টি গরু কিনেন। ১১ জুলাই রবিবার রাতে নীলফামারী থেকে ট্রাক যোগে (ঢাকা মেট্রো-ট-১৫-৭২০৭) গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় ১০-১২ জনের ডাকাতদল মহাসড়কে অপর একটি ট্রাক দিয়ে বেরিকেড দেয়। এরপর গরু বোঝাই ট্রাক থামিয়ে গরু ব্যবসায়ী আলমগীরকে মারপিট করে মহাসড়কে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

 

এদিকে রাত ২টার দিকে গাবতলী থানার উনচুরখী এলাকায় ডাকাতি করা গরু ট্রাক থেকে নামানোর সময় টহল পুলিশের সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে পুলিশ ট্রাকের ভিতরে বসে থাকা দুই জনকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন গাবতলীর উনচুরখী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল বারী ওরফে যুবরাজ (৪০) এবং একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে শাকিল আহম্মেদ (২০)।

 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল বলেন, গ্রেফতারকৃতদের নামে থানায় মামলা হয়েছে। ডাকাতি করা ২১ টি গরু ও ট্রাক উদ্ধার করা হয়েছে। গরু ও ট্রাক থানা হেফাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here