নজর২৪ ডেস্ক- ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পর একটি বিজ্ঞপ্তি জারি হতে পারে। এজন্য পুলিশ সদর দপ্তর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নিয়োগ কার্যক্রমে সময় পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশের ওপর নানা চাপের মধ্যে কনস্টেবল নিয়োগে বেশি তদবিরের চাপ সামলাতে হয় তাদের। এবার সেই চাপ সামলাতে ভিন্ন আঙ্গিকে যাচ্ছে পুলিশ সদর দপ্তর। এই নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করেছেন। এবারের নিয়োগে কোনো নয়-ছয় হলে কঠোর শাস্তির পাশাপাশি আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে নিয়োগ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৬৪ জেলার এসপিদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। প্রথমবারের মতো এবার প্রার্থীদের লিখিত পরীক্ষার উত্তরপত্র দেখবে জেলার পুলিশ সুপারের পরিবর্তে পুলিশ সদর দপ্তর। তাছাড়া প্রার্থীদের সাক্ষাৎকার জেলা পুলিশের পাশাপাশি থাকবেন পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা।
জানা গেছে, কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরুর আগেই পুলিশ মহাপরিদর্শক সব রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারদের স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। তা নিয়ে তিনি বেশ কয়েকটি বৈঠক করেছেন।
বৈঠকে উপস্থিত থাকা পুলিশের এক কর্মকর্তা বলেন, পুলিশ ইন্টারনাল ওভারসাইট, রেঞ্জ ডিআইজির নজরদারি কমিটি, পুলিশ সদর দপ্তরের দুই থেকে তিনজন পুলিশ সুপার (এসপি) ও চার-পাঁচজন করে অতিরিক্ত পুলিশ সুপারের সমন্বয়ে গঠিত হয়েছে ৬৪টি বিশেষ টিম। যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই তাদেরই ওইসব টিমের সদস্য করা হয়েছে।
১০ হাজার কনস্টেবল নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে জেলার পুলিশ সুপারদের (এসপি) নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সদর দপ্তরের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২) মো. নাসিরুল ইসলামের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি এসপি ছাড়াও দেশের সব বিভাগের ডিআইজিদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কনস্টেবল পদে অধিক যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের জন্য আসন্ন নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদের শারীরিক সহনশীলতা পরীক্ষা (ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট) নেওয়া হবে। তার মধ্যে রয়েছে নারী ও পুরুষ আবেদনকারীদের জন্য ২০০ মিটার দৌড় (নারী), ১০০০ মিটার দৌড় (পুরুষ), লং-জাম্প, হাই-জাম্প, পুশ-আপ, রোপ ক্লাইম্বিং এবং ড্রাগিং পরীক্ষা। এসব পরীক্ষার আয়োজনে দ্রুত স্থান নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কনস্টেবল পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি ও বিএ পাসধারীদের প্রাধান্য থাকবে বেশি। এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এতদিন পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৫ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফিট ২ ইঞ্চি ছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের উচ্চতার মানদন্ডে ৫ ফিট ৪ ইঞ্চি ও পুুরুষদের ৫ ফুট ৭ ইঞ্চি করা হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
এই নিয়োগ প্রক্রিয়া ২০২০ সালের শেষের দিকে শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাব ও যোগ্যতাসংক্রান্ত কিছু মানদন্ড নির্ধারণের কারণে তা পিছিয়ে যায়।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন জানান, এবারের কনস্টেবল নিয়োগ হবে অন্যরকমভাবে। স্বচ্ছতার মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। কোনো প্রার্থীর পক্ষে তদবির করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইতিমধ্যে রেঞ্জের সব পুলিশ সুপারকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।





