স্পোর্টস আপডেট ডেস্ক- হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেয়েছে হারারে টেস্ট। আগের দিন ব্যাট হাতে এক কথায় হতাশই করেছিলেন ব্যাটসম্যানরা। লিটন দাস স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৯৫ রান না তুললে বিপাকে পড়ত বাংলাদেশ। সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদও লড়লেন।
বৃহস্পতিবার টেস্টের ২য় দিনে মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদের দুর্দান্ত জুটিতে সংগ্রহ বড় করছে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি করলেন তাসকিন বুক চিতিয়ে।
জিম্বাবুয়ের পেসারদের বিরুদ্ধে যেভাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন, তা এক দৃষ্টান্ত। তবে ব্যাটিংয়ের বাইরেও তিনি যে লড়াই করতে পারেন, তা দেখালেন দিনের দ্বিতীয় ওভারে।
ইনিংসের ৮৫তম ওভারের চতুর্থ বলের ঘটনা। ব্লেসিং মুজারাবানির অফস্টাম্পের বাইরে দিয়ে বাউন্সার ছেড়ে দিলেন তাসকিন। তারপর হাত ঘুরিয়ে, কোমর দুলিয়ে নাচের ভঙ্গি করলেন। বিষয়টা ভালো লাগেনি মুজারাবানির। কারণ আগের বলেই তাসকিন অফ ড্রাইভে একটি বাউন্ডারি মারেন। পরেরবার বাংলাদেশি ব্যাটসম্যান নেচে যেন বললেন, ‘আমাকে ফেরাতে হলে সেরাটা করো।’
তার দিকে তেড়ে গেলেন মুজারাবানি। তাসকিনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। হেলমেট মুজারাবানির মুখে লাগয়ে লেগে গেলেন ঝগড়া।
টিভিতে সেই দৃশ্য ধরা পড়লেও বোঝা যায়নি মুজারাবানি ও তাসকিনের মধ্যে কী তর্কযুদ্ধ হয়েছে। তবে এই ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। তাসকিনের নাচে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে।
