করোনা সংকটে মানবতার হাত বাড়িয়ে দিলো ‘জেএইচএম গ্রুপ’

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- দেশে করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদা। এমন পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক কোল এনার্জি কোম্পানি জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপ।

 

গত বছরের মার্চে দেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর অসহায় মানুষদের মাঝে ত্রাণ সহায়তা দিলেও এবার করোনা রোগীদের চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করলো তারা।

 

জানা গেছে, মঙ্গলবার (০৬ জুলাই) যশোর অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদানের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু করেন জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোঃ মেহেদি হাসান বিপ্লব।

 

এছাড়া আগামীকাল থেকে চট্রগ্রামের ফটিকছড়ি, মিরসরাই এবং রামগড় উপজেলার জনসাধারণের জন্য বিনামূল্যে জরুরি অক্সিজেন সার্ভিস চালু করবেন তরুণ এই ব্যবসায়ী।

 

জানা যায়, গত বছর মহামারি ছড়িয়ে পড়ার পর মেহেদি হাসান বিপ্লব তার আয়ের একটি বিরাট অংশ দান করেছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের মাঝে। এছাড়া জেএইচএম ইন্টারন্যাশনালের উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রায় দুই হাজার দুস্থ মানুষের জন্য খাদ্যসামগ্রীর প্যাকেট হস্তান্তর করেছেন তিনি।

 

সম্প্রতি দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার বেড়ে যাওয়ায় এবার বিনামূল্যে অক্সিজেন সেবা চালুর উদ্যোগ গ্রহণ করে জেএইচএম গ্রুপ। ইতিমধ্যে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালসহ সামাজিক সংগঠনের মাধ্যমে করোনা রোগীদের বিতরণের জন্য অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা হয়েছে। যা চাহিদা অনুয়ায়ী পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে।

 

চট্রগ্রামের ফটিকছড়ির স্থানীয় সাংবাদিক মোঃ কামাল উদ্দিন বলেন, মেহেদি হাসান বিপ্লবের উদ্যোগে এই প্রথম ফটিকছড়িতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু হয়েছে। আগামীকাল থেকে হট লাইন নাম্বারে ফোন করে কোভিড-১৯ আক্রান্ত রোগীরা অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করতে পারবেন।

এছাড়া রামগড় এবং মিরসরাই উপজেলার জনগণের জন্য ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন মেহেদি হাসান বিপ্লব। করোনা আক্রান্ত রোগীরা এই সংগঠনের মাধ্যমে সেবা পাবেন।

 

তিনি বলেন, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাতঁমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় জন্মগ্রহণ করা মেহেদী হাসান বিপ্লব মাত্র ৩৫ বছর বয়সেই একজন সফল ব্যবসায়ী। নানা অপ্রতুলতার মধ্যেও তিনি খুঁজে বেড়ান অসুস্থ এবং অসহায় মানুষের। যার কাছে ধর্ম-বর্ণ বলে পৃথক কেউ নন। সবাই তার কাছে আপন। এলাকায় তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হয়েছেন।

 

জানতে চাইলে মোঃ মেহেদি হাসান বিপ্লব বলেন, প্রাণঘাতি করোনার শুরু থেকেই জেএইচএম গ্রুপ দেশের বিভিন্ন এলাকার অসহায় মানুষদের নানা ধরণের সহায়তা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় করোনা রোগীদের জন্য এবার বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ শুরু করেছি।

 

করোনার এই সংকটময় মুহূর্তে সরকারের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিকে মোকাবিলা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *