নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সরকার এবার যে সর্বাত্মক বিধিনিষেধ ঘোষণা করেছে তা বাস্তবায়নে সারাদেশে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিধিনিষেধ চলাকালে জনগণকে সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের দেওয়া হচ্ছে শাস্তি।
শুক্রবার (২ জুলাই) সকাল থেকে রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এছাড়া ৬৮ গাড়ি থেকে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানাও করা হয়েছে। অন্যদিকে মোবাইল কোর্টেও জরিমানা করা হয়েছে ২০৮ জনকে।
পুলিশের দাবি, যারা জরিমানা দিয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন তারা কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) বিভাগের এডিসি ইফতেখাইরুল ইসলাম। তিনি বলেন, মোবাইল কোর্টেও জরিমানা করা হয়েছে ২০৮ জনকে।
এডিসি জানান, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ইফতেখাইরুল ইসলাম বলেন, ‘পুলিশ বিধিনিষেধ কার্যকর করতে সক্রিয় আছে। রাজধানীতে অপ্রয়োজনে মানুষজন খুব কমই বের হয়েছে। যারা বের হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ জানাতে না পারলে আটক করা হচ্ছে।’
শুক্রবার রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অলিগলি, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় বাজারের অবস্থা ছিলো আগের মতোই।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘বিধিনিষেধ না মানায় মিরপুর অঞ্চলেই ৩০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।’
