নজর২৪ ডেস্ক- ঝালকাঠিতে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে শ্রমিক লীগ নেতা জলিল হাওলাদারসহ দুজনকে আটক করেছে র্যাব-৮।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জেলার নলছিটি উপজেলার দপদপিয়া খেয়াঘাট সংলগ্ন বাজার থেকে তাদের আটক করা হয়।
জলিল হাওলাদার নলছিটি উপজেলা শ্রমিক লীগ নেতা ও শীতলপাড়া গ্রামের এবং সহযোগী শাহিন মুন্সী একই উপজেলার নাঙ্গুলী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বুধবার সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার কালাম হোসেন তালুকদার বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১০ জুন ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তুর্য্য পেট্রোল পাম্পের সামনে ডিবি পরিচয়ে জলিল ও শাহীনসহ তিন ব্যক্তি কামাল হোসেন তালুকদারের পথরোধ করেন। এরপর বুকে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে নগদ ৪২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা) ও বিকাশের মাধ্যমে আটহাজার টাকা নিয়ে যান তারা।
তবে ছিনতাইকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর (ঢাকা মেট্রো ল ১১-১৬৭৯) মনে রেখে দেন কামাল। এরপর বরিশাল রূপাতলীস্থ র্যাব-৮ এর সদর দফতরে লিখিত আবেদন করেন তিনি। এ প্রেক্ষিতে র্যাব মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জলিল ও শাহীনকে গ্রেফতার করে নলছিটি থানায় সোপর্দ করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘ওই দুজনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’
