Home দেশের খবর নিখোঁজের ৮ দিন পর পদ্মায় ভেসে উঠল সেই ভাই-বোনের লাশ

নিখোঁজের ৮ দিন পর পদ্মায় ভেসে উঠল সেই ভাই-বোনের লাশ

0
216

নজর২৪, রাজশাহী- রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ৮ দিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২৪) এবং তার ফুপাতো ভাই রিমনের (১৪) লাশ ভেসে উঠেছে। শনিবার সকালে নগরীর উপকণ্ঠ নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।

 

রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুটি সকালে স্থানীয়রা ভেসে উঠতে দেখেন। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন।

 

রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, ২৫ সেপ্টেম্বর বিকালে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে ১৩ যাত্রী নিয়ে রাজশাহীর নবগঙ্গা এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় ১১ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও সূচনা ও রিমন নিখোঁজ ছিলেন। লাশ না পেয়ে দুদিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

 

নিখোঁজ সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ-ভ্রমণে গিয়েছিলেন তিনি। নিখোঁজ রিমনের বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।

 

এদিকে নৌকাডুবির ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর দুপুরে দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে দায়ের করা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here