‘জনগণের সরকার প্রতিষ্ঠায়’ তারেকের নতুন দিকনির্দেশনা

নজর২৪, ঢাকা- সরকার গণতান্ত্রিক নয় অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নতুন দিকনির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

 

তবে যুক্তরাজ্যে অবস্থানকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কী কী নির্দেশনা দিয়েছেন, সেটি জানাননি ফখরুল। যদিও বলেছেন, তারেকের দেয়া নির্দেশনা মেনেই তারা তাদের সব শক্তি ও মেধা নিয়োগ করবেন।

 

সোমবার (২৮ জুন) এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এ কথা জানান।

 

তিনি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সরকার প্রতিষ্ঠায় একটা দিকনির্দেশনা দিয়েছেন। তার দিকনির্দেশনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট হব।’

 

তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামী দিনগুলোতে সে লক্ষ্যেই আমাদের সব কাজ, আমাদের শক্তি, আমাদের মেধাকে আমরা নিয়োগ করব।’

 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পুরো রাষ্ট্রের কাঠামোটাকেই পরিবর্তন করে দিয়েছে। এটা ভয়াবহ একটা অপরাধ। ১৯৭১ সালের স্বাধীনতাযু/দ্ধে যে ভাবনা, আশা- আকাঙ্ক্ষা নিয়ে এবং রাষ্ট্রের যে গণতান্ত্রিক চরিত্র নির্ধারণ করেছিলাম, সেই রাষ্ট্রের চরিত্রকে তারা পুরোপুরিভাবে বদলে দিতে শুরু করেছে।

 

দুর্ভাগ্যজনকভাবে এই রাষ্ট্রের চরিত্র পরিবর্তন করার ক্ষেত্রে বিচার বিভাগ একটি বড় ভূমিকা পালন করেছে। সেসঙ্গে এখন নির্বাচন কমিশনও একটা ভূমিকা পালন করছে।

 

তিনি বলেন, একটা কথা সত্যি যে আইনগত দিক বলুন আর সাংবিধানিক দিক বলুন এই সমস্যার সমাধান একমাত্র রাজনৈতিকভাবে হবে। সেজন্য আজকে যেটা সবচেয়ে বড় প্রয়োজন জনগণের ঐক্য এবং সমস্ত রাজনৈতিক শক্তিগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ করে একটা গণআন্দোলনের মধ্যে দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনগুলোতে আমরা আমাদের সব শক্তি ও মেধাকে সেই কাজে নিয়োগ করবো।

 

বিএনপির গবেষণা সেল ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনস’ (বিএনআরসি) এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *