মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ড্রেনের ধারণসীমা অতিক্রম করে বাসাবাড়ি ও হোটেলের বর্জ্যপানি প্রধান রাস্তায় ছড়িয়ে পড়ে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১১ দিন ধরে এই অবস্থা চলতে থাকলেও পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় একাধিক ব্যবসায়ী।
সোমবার (২৮ শে জুন) দুপুরে সরজমিন পরিদর্শন করে দেখা যায়, মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পশ্চিম পাশে ড্রেনের শেষ অংশ দিয়ে প্রতিনিয়ত দুর্গন্ধযুক্ত নোংরা পানি ও বর্জ্য বের হচ্ছে। ফলে ওই এলাকার রাস্তায় সবসময় নোংরা পানিতে জলাবদ্ধতাসহ ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে।
এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জনবহুল এ রাস্তাটি দিয়ে চলাচলের সময় লোকজন নাক ধরে, কেউবা আবার জামা-কাপড় উঁচু করে অথবা উপায় না পেয়ে অনেককে বিকল্প পথে যাতায়াত করতে দেখা গেছে। দুর্গন্ধের মধ্যেই ফল, মিষ্টি ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন।
ফল ব্যবসায়ী মো. মোবারক হোসেন ও অর্জুন সাহা বলেন, ১১দিন ধরে রাস্তায় পানি আসছে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। পানিতে অতিরিক্ত গন্ধ। আমরা সমস্যার দ্রুত সমাধান চাই।
নিয়মিত মুসল্লি মো. বাদশা মিঞা বলেন, নামাজ পড়তে গেলে এই পানি শরীরে লাগলে নামাজ হয়না। আমরা খুব অসুবিধার মধ্যে আছি। পৌর কর্তৃপক্ষের নিকট দাবি জানাই যেনো দ্রুত এই বিষয়টি সমাধান করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার বলেন, পুরাতন বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ডাকবাংলোর এলাকায় ড্রেন নির্মাণ হচ্ছে এর জন্য সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য বিকল্প পদ্ধতি গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে।
