কঠোর অবস্থানে পুলিশ, মোটরসাইকেলে ২ জন ওঠা নিষিদ্ধ

নজর২৪, ঢাকা- সর্বাত্মক লকডাউনে মোটরসাইকেলে দুইজন ওঠা যাবে না। কেউ চাইলে একা মোটরসাইকেলে যেতে পারবেন। তবে রাস্তায় অহেতুক ঘোরাঘুরি করা যাবে না।

 

অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

 

তিনি বলেন, ‘আমরা চাই ১ জুলাই থেকে মানুষ বিনা কারণে যেন ঘরের বাইরে বের না হন। উপযুক্ত কারণ ছাড়া বের হলেই গ্রেপ্তার করে থানায় নেওয়া হবে। এ ছাড়া ঢাকার সব প্রবেশপথে চেকপোস্ট থাকবে। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তাহলে কেন মানুষ বিনা কারণে যাতায়াত করবে। পরিবার, সমাজ ও দেশের কথা বিবেচনায় কিছুদিন সব বিধিনিষেধ মেনে চলা দরকার।

 

প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার থেকে ১ জুলাই পর্যন্ত ঢাকায় যাতে পণ্যবাহী যান আর রিকশার বাইরে কোনো ধরনের গণপরিবহন চলাচল করতে না পারে, সেজন্য ট্রাফিক বিভাগ ছাড়াও প্রত্যেক থানার ওসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

 

রাজধানীর ভেতরেও চেকপোস্ট থাকবে। এসব চেকপোস্টে প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত থাকবেন।

 

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, লকডাউনের বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের আলোকে পুলিশ দায়িত্ব পালন করবে। গণপরিবহন, শপিংমলসহ যা বন্ধ ঘোষণা করা হয়েছে, তা কার্যকর করতে পুলিশ দায়িত্ব পালন করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *