১০ কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিলো সরকার

নজর২৪ ডেস্ক- সময়মতো বিদ্যুৎ উৎপাদনে না আসায় কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৭ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

 

প্রতিমন্ত্রী বিপু বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন চিন্তা এসেছে। নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। এর অংশ হিসেবে কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

 

‘১০টি কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্রকে বাদ দেয়া হয়েছে। কারণ তারা সময়মতো উৎপাদনে আসতে পারেনি।’

 

তিনি বলেন, ‘বৈশ্বিক পর্যায়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব সম্পর্কে আপত্তির বিষয়টিও প্রণিধানযোগ্য। এ প্রেক্ষাপটে সামগ্রিক বিষয়াবলী বিবেচনায় নিয়ে প্রণীতব্য ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টারপ্ল্যানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ করা যুক্তিযুক্ত হবে। পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যানও পর্যালোচনা করা হবে।

 

‘তা ছাড়া প্যারিস অ্যাগ্রিমেন্টে (প্যারিস জলবায়ু চুক্তি) বাংলাদেশ স্বাক্ষর করায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় পরিবেশবান্ধব জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন আমাদের জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *