বাড়িমুখী মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে

নজর২৪, মুন্সিগঞ্জ- সাত জেলায় চলা কঠোর লকডাউনের মধ্যে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার পর্যন্ত নৌপথে ফেরিতে উপচেপড়া ভিড় দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় দুই ঘাটেই ঢাকা ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা রোববার ভোর থেকে ফেরিতে নদী পাড়ি দিচ্ছেন।

 

সরকার সোমবার থেকে সারা দেশে শাটডাউনের ঘোষণা দেয়ায় বাড়ি ফিরতে মানুষ ফেরিতে ভিড় শুরু করে শুক্রবার থেকেই। শনিবার রাতে নতুন ঘোষণায় শাটডাউনের শুরু পিছিয়ে বৃহস্পতিবার করা হলেও সোমবারকে মাথায় রেখে বাড়ি ফিরতে প্রস্তুত যাত্রীরা ঘাটে ভিড় করছেন।

 

জানা গেছে, যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কোনো ফেরি পাড়ে ভিড়লেই মানুষ হুমড়ি খেয়ে উঠছে। ঠিকমতো গাড়ি পার হতে না পারায় ঘাট এলাকায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

 

এ বিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে যাত্রীদের ভিড় রয়েছে। লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে।

 

তিনি আরও জানান, ঘাট এলাকায় সাড়ে চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *