নজর২৪, ঢাকা- সরকার ঘোষিত কঠোর লকডাউন সুন্দরভাবে পালন করতে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সরকার থেকে কঠোর লকডাউন বললেও এবারের বিধিনিষেধ সব মহলে পরিচিতি পেয়েছে ‘শাটডাউন’ হিসেবে।
সবাইকে কঠোর লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনের লকডাউন মেনে চলা হবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে। যাতে লকডাউন সুন্দরভাবে পালিত হয় এবং আমাদের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ হয়, মৃত্যুর সংখ্যাও যাতে কমিয়ে আনতে পারি।’
করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘করোনা বাড়ছে। আমাদের উত্তরাঞ্চলের জেলাগুলো এবং অন্য জেলায় করোনা ছড়িয়েছে। প্রায় জেলাতেই ২০ শতাংশের বেশি, কোথাও ৩০ শতাংশের বেশি সংক্রমণ হয়েছে।’
