Home আলোচিত ওবায়দুল কাদেরকে হত্যার হুমকি কাদের মির্জার

ওবায়দুল কাদেরকে হত্যার হুমকি কাদের মির্জার

0
134

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হত্যার হুমকি দিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

 

তিনি অভিযোগ করেন, বড় ভাই ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইসরাতুন্নেছার অপরাজনীতি নিয়ে কথা বলায় তাকে শেষ করে দেয়া হচ্ছে।

 

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শনিবার বিকেলে লাইভে এসে তিনি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকেও হত্যার হুমকি দেন।

 

তিনি বলেন, ‘আরে মারি আলাইবেন। আমি রেডি করি যামু। কারে রেডি করি যামু বলতে পারব না। সেগুলোর পারিবারিক দায়িত্ব নিয়ের বলি দিছি। তিনজনের নাম বলেছি। আমাকে মারলে, তিনজনকে মেরে ফেলবি। আপনে, আপনার বউ আর একরাম। তিনটা মারি ফেলবি।’

 

নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ভাই ওবায়দুল কাদেরের উদ্দেশে কাদের মির্জা বলেন, ‘আপনি আঁরে ডুবাইবেন, আপনি বুঝি বাঁচি যাইবেন। আঁরে মারি হালাইবেন, আঁই রেডি করি যামু। কারে রেডি করমু কইতাম হাইত্তাম ন। হিগুনের (তাঁদের) পারিবারিক দায়িত্ব-টায়িত্ব নিয়ে কই দিছি। তিনজনের নাম কইছি। আঁরে মাইরলে, তিনজনরে মারি হালাইবি।’

 

এরপরই কাদের মির্জা বলেন, ‘এক আপনি, আপনার স্ত্রী ও একরাইম্যা। তিনগারে মারি হালাইবি। জেলে দেক। আঙোরে হত্যা করবে বলে হুমকি দিছে বলি আঁর বিরুদ্ধে মামলা করুক, করবে আমি জানি। আঁরে কইরলে কইছি (আমাকে হত্যা করলে বলছি)।’

 

বসুরহাট পৌরসভা ভবনের নিজ কার্যালয়ে বসে ফেসবুক লাইভে কাদের মির্জা আরও বলেন, ‘আজকে ঘরের শত্রু আমাকে শেষ করে দিয়েছে। ওবায়দুল কাদের সাহেব আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কী জন্য নিয়েছেন, সেটি খুঁজে পেয়েছি। আমি উনার এবং উনার স্ত্রীর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। তাঁদের সকল আমলনামা আমি আমার হাতে রেখেছি। এগুলো এখনো জনসমক্ষে তুলে ধরিনি, সংবাদমাধ্যমে তুলে ধরিনি।’

 

কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, ‘ভুলে গেছেন? এক–এগারোর পর বিশেষ আদালত। কাশিমপুর কারাগার। সব ভুলে গেছেন? আপনাদের বিচার কে করবে? আল্লাহর আদালতে হবে। একরামকে, নিজামকে নোয়াখালী, ফেনীর রাজনীতিতে কে প্রতিষ্ঠা করেছে?’

 

কাদের মির্জা বলেন, ‘আপনার (ওবায়দুল কাদের) গালে গালে যাঁরা জুতা মারার স্লোগান দিয়েছে, তাঁদের সাথে বসে আপনি সলাপরামর্শ করেন। তাঁরা আজকে হেঁটে হেঁটে বলে, “ওবায়দুল কাদেরকে আমরা মাসোয়ারা দিই।” এই একরাম বলে, “সে (ওবায়দুল কাদের) কোনো দিন আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। অনেক ঘটনা আছে আমার সাথে জড়িত।” এই কথাগুলো বলার সাহস একরাম-নিজাম কীভাবে পায়?’

 

ফেসবুক লাইভে জাতীয় রাজনীতি নিয়েও কথা বলেন কাদের মির্জা। তিনি বলেন, এখন বাংলাদেশে ওয়ানম্যান শো রাজনীতি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগে শেখ হাসিনা, বিএনপির খালেদা জিয়া। এর বাইরে কিছু নেই। তিনি বলেন, ‘শেখ হাসিনার বাহিরে দলে কে কী কাজ করে? সবাই তোষামোদ করে। এই তোষামোদকারীরা খন্দকার মোশতাক। নেত্রী, আপনাকে ওবায়দুল কাদেরের মতো তোষামোদকারীরা কোথায় নিয়ে যাচ্ছে, দেখবেন একদিন।’

 

ফেসবুকে লাইভে এসে এভাবে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন শনিবার বেলা তিনটায় মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি দেখবেন।

 

একই বিষয়ে কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি (প্রকৃতপক্ষে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি) ইস্কান্দার হায়দার চৌধুরীর কাছে জানতে চাইলে বলেন, ‘তিনি কখন কী বলেন, এসব বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here