পুলিশের পোশাকের রং বদলাচ্ছে আবার, নৈপথে কি?

নজর২৪ ডেস্ক- পুলিশের জাতীয় পোশাকসহ একাধিক বিশেষায়িত ইউনিটের পোশাকের রং পরিবর্তনের জন্য ট্রায়াল বা মহড়া চলছে। এটি শেষ হলে চূড়ান্ত করা হবে বাহিনীর নতুন পোশাক বা ইউনিফর্ম।

 

পুলিশের পোশাক বর্তমানে নেভি-ব্লু হওয়ার কারণে রাতে কাজ করার ক্ষেত্রে তা অনেকটাই অন্ধকারে মিলিয়ে যায়, যা রাতের বেলা অপারেশন পরিচালনাসহ পুলিশের কার্যক্রমে সমস্যা সৃষ্টি করছে। এসব বিবেচনায় রেখে কম আলোয় দৃশ্যমান হয় এমন রঙের দিকে মনোনিবেশ করা হচ্ছে।

 

একাধিক রঙের মিশ্রণে পোশাক তৈরি করে তা কর্মকর্তাদের পরিয়ে ট্রায়াল পর্ব চলছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। ট্রায়াল শেষ হলে তা অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এই প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে পোশাকের রং পরিবর্তনের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা।

 

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (লজিস্টিক) ড. তৌফিক মাহবুব চৌধুরী বলেন, ‘পোশাকের রং পরিবর্তনের কাজ চলছে। সম্পূর্ণ বিষয়টা পরীক্ষামূলক। আমাদের দেশের আবহাওয়া, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার বর্তমান পোশাক– এ সবকিছু বিবেচনায় রেখে বিভিন্ন রঙের পোশাক কয়েকজন কর্মকর্তাকে পরিয়ে ট্রায়াল চলছে।

 

পুলিশের পোশাকের রং একাধিক রঙের মিশ্রণ হবে কি না এমন প্রশ্নে তৌফিক মাহবুব বলেন, ‘একটা কালারই থাকবে, নাকি মাল্টিকালার হবে, এটা এখনও ফাইনাল হয়নি। অনেকগুলো অপশন নিয়ে কাজ চলছে, যা সম্পূর্ণ এক্সপেরিমেন্ট পর্যায়ে আছে।’

 

পোশাক পরিবর্তন প্রক্রিয়ার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, সাধারণ পুলিশ, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পোশাক পরিবর্তন নিয়ে কাজ চলছে। তবে মেট্রোপলিটন পুলিশের পোশাক এখনই পরিবর্তন হচ্ছে না।

 

পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন রং নির্ধারণের জন্য অন্তত ৭ ধরনের পোশাক তৈরি করা হয়েছে, যেগুলো পরিধান করে কয়েকজন কর্মকর্তা অফিস করছেন। নতুন পোশাকগুলোতে কেমন দেখায়, পরতে আরাম কি না, কম আলোতে কতটুকু দৃশ্যমান এসব বিষয় নিয়ে পর্যবেক্ষণ চলছে। পুলিশ সদর দপ্তর চূড়ান্ত করার পরই তা অনুমোদনের জন্য পাঠানো হবে।

 

ট্রায়ালে থাকা পুলিশের নতুন পোশাকে রং পরিবর্তনের পাশাপাশি আগের মতো শার্ট ‘টাক-ইন’ করে পরতে হবে না বলে জানান কর্মকর্তারা। বাইরের কয়েকটি দেশের পোশাকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন একটি নিয়মমাফিক কাজ। বেশ কয়েক বছর পরপরই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পুলিশের ইউনিফর্মে বিভিন্ন পরিবর্তন আনা হয়। যেমনটি হয়েছিল ২০০৪ এবং ২০০৯ সালে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতেও অনেক সময় পরিবর্তন আনা হয়। এছাড়া আবহাওয়াগত বিষয় মাথায় রেখেও বাহিনীর পুলিশের ইউনিফর্মে পরিবর্তন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের পরিবর্তন।

 

ইতিহাস ঘেঁটে জানা যায়, ব্রিটিশ আমল থেকে পুলিশের পোশাক ছিল খাকি রঙের। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক আগেই তা বদলে গেছে। ২০০৪ ও ২০১৬ সালে দু’বার পুলিশের কয়েকটি ইউনিটের পোশাকের রঙে পরিবর্তন আনা হয়েছিল। মহানগর ও জেলা পর্যায়ে দুই রঙের পোশাক দেয়া হয়। তবে পুলিশের বিভিন্ন ইউনিট ও ব্যাটালিয়নভেদে পোশাকের ভিন্নতাও রয়েছে।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটলিয়নের (এসপিবিএন) পোশাক সম্পূর্ণ ভিন্ন রংয়ের। ২০০৪ সালে পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই রংয়ের করা হয়। জেলা পুলিশকে দেওয়া হয় গাঢ় নীল রঙের পোশাক। র‌্যাবের কালো ও এপিবিএনের পোশাক তৈরি করা হয় খাকি, বেগুনি আর নীল রঙের মিশ্রণে। এসপিবিএনের পোশাকের জামার রঙ করা হয় ধূসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *