লালমনিরহাট পৌরসভায় ৭ দিনের লকডাউন

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: শনিবার থেকে সাতদিনের জন্য লালমনিরহাট পৌরসভা এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (২৩ জুন) বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি মাসের ২২ দিনে করোনা শনাক্তের হার ৩৯ শতাংশ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়ে বলে জানা গেছে।

 

এদিকে শনিবার ২৬ জুন হতে লালমনিরহাট পৌরসভায় প্রথম পর্যায়ে ৭ দিনের জন্য জনগনের চলাচলের উপর সরকার নির্ধারিত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন মেয়র রেজাউল করিম স্বপন।

 

এসময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। জরুরি সেবা, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব বন্ধ থাকবে। ব্যাংক ও সরকারি অফিস সীমিত ভাবে চালু থাকবে বলে তিনি জানান।

 

সভায় লালমনিরহাট জেলার সার্বিক দায়িত্বে নিয়োজিত সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, সিভিল সার্জন নির্মলেন্দু রায়, লালমনিরহাট বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. এস এম শফিকুল ইসলাম কানু, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল প্রমুখ অংশ নেন।

 

সভায় লালমনিরহাট জেলার সার্বিক করোনা পরিস্থিতি উল্লেখ করে বলা হয়, জেলায় ৭ হাজার ৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮১৯ জনের ফলাফল পাওয়া গেছে। করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১১ জন। আক্রান্তের হার ১৯.২২। পৌরসভা এলাকায় মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও বেশি বেশি করে নমুনা পরীক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *