করোনায় ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যু

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যু হয়েছে, যা গত ৫৩ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৯ এপ্রিল এর চেয়ে বেশি মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, ৮৮ জন।

 

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও ৩ হাজার ৬৪১ জনের শরীরে। এতে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪৮ জনের।

 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

 

২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮২ জনের মধ্যে খুলনা বিভাগেরই ৩২ জন। এছাড়া, ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, সিলেটে ২, রংপুরে ১, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

 

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৭ জন নারী। এদের মধ্যে ৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৫৪৮ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৭১২ জন এবং নারী ৩ হাজার ৮৩৬ জন।

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২১, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৯ এবং ২১ থেকে ৩০ বছরের ২, ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *