নজর২৪ ডেস্ক- কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম খান।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত উসমান। তিনি বলেন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির জসিম উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ বিষয়ে আগামী ২৪ জুন আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।
মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ জানতে জাতীয় পার্টির প্রার্থীর মোবাইলে বেশ কয়েকবার ফোন দেয়া হলেও তিনি সাড়া দেননি। এসএমএম পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। কেউ কেউ ফুল নিয়েও প্রার্থীর সঙ্গে দেখা করেন।
গত ১৪ জুন পর্যন্ত এ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিন মাত্র দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিকেল ৪টা ৪৫ মিনিটে আওয়ামী লীগের পাঁচবারের নির্বাচিত সাংসদ আবদুল মতিন খসরু রাজধানীর সিএমএইচে করোনা–পরবর্তী জটিলতায় মারা যান। এরপর ২ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
এ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আবদুল মতিন খসরু আওয়ামী লীগের হয়ে ১৯৮৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত (১৯৮৮ ও ১৯৯৬ সাল ছাড়া) সাতটি নির্বাচনে প্রার্থী হন। এর মধ্যে পাঁচবার সাংসদ নির্বাচিত হন।
