নজর২৪ ডেস্ক- ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তাঁর তিন সঙ্গী ‘নিখোঁজ’ থাকার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সরকার বসে নেই, আবু ত্ব-হাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রায় সপ্তাহখানেক ধরে আবু ত্ব-হার ‘সন্ধান’ না মেলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী গণমাধ্যমকে এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘এ ঘটনার ব্যাপারে আমার মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানাতে পারে না। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অবশ্যই দায় বর্তায়। যে কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে গেলে তাকে খুঁজে বের করব। যারা আবু ত্ব-হাকে নিখোঁজ করেছেন, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও ঠিক এমনটিই বলেছেন।’
বিভিন্ন মহল থেকে ত্ব-হার নিখোঁজের বিষয়ে উদ্বেগ প্রকাশের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘সরকার তো বসে নেই। আমরা বলছি, আবু ত্ব-হাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এটি আসলে কী ঘটছে তা বলার সময় আসেনি। অনেক সময় নিজেরাও দ্বন্দ্বের জায়গা থেকে গুম হয়ে থাকেন। এ রকম ঘটনার নজির তো আছে।’
‘তবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করে তাকে খুঁজে বের করবে বলে মনে করছি।’
এসব ঘটনা সরকারকে বিব্রত করছে কি-না জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এ রকম ঘটনা যে কোনো সমাজ বা রাষ্ট্রে ঘটতেই পারে। ঘটনার পর সরকার কী ভূমিকা পালন করছে, তা দেখা দরকার।’
গত ১০ জুন রংপুর থেকে রওয়ানা দিয়ে ঢাকার গাবতলী এলাকায় পৌঁছানোর পর থেকে ত্ব-হার ‘খোঁজ মিলছে না’ বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সঙ্গে নিখোঁজ হয়েছেন ত্ব-হার আরও দুই সঙ্গী এবং গাড়িচালক।
এ নিয়ে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চারজনকে উদ্ধারে অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে ডিবি।
