ফিলিস্তিনিদের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

নজর২৪ ডেস্ক- ইসরায়েলের বর্বরতার মুখে থাকা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

মুসলিম রাষ্ট্রগুলোর জোট ওআইসির দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে বুধবার দুপুরে এ আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

 

রাষ্ট্রপতি বলেন, ‘যেই মুহূর্তে পুরো বিশ্বে ধ্বংসাত্মক মহামারির কারণে অগণিত মানুষের জীবন এবং জীবিকা অনিশ্চিত, সেই মুহূর্তে ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনেরা মনুষ্যসৃষ্ট দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের কাছে সমন্বিত উদ্যোগ কামনা করছে।

 

‘ফিলিস্তিনের জনসাধারণের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর বারবার এ আক্রমণে বাংলাদেশ তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছে। ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য একটি স্বাধীন মাতৃভূমি ও সার্বভৌম ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশ সব সময়ই সমর্থন দিয়ে আসছে।

 

রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ, ওআইসি এবং বিশ্বের জন্য ক্রমাগত উদ্বেগের বিষয় উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘আমি ওআইসি ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের এই সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী সুরক্ষা এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে।’

 

বাংলাদেশ বৈজ্ঞানিক গবেষণা, টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে গুরুত্ব দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি মুসলিম বিশ্বকে বিজ্ঞানভিত্তিক জীবন গ্রহণের আহ্বান জানান।

 

তিনি বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব ফিরিয়ে আনতে আমাদের বিজ্ঞানভিত্তিক জীবন গ্রহণ করতে হবে। বৈজ্ঞানিক জ্ঞান ও আবিষ্কারের নতুন ক্ষেত্র উন্মোচিত করতে হবে। সুসংহত ও একনিষ্ঠভাবে গবেষণায় মনোনিবেশ করতে হবে। যাতে চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় আমরা এগিয়ে থাকতে পারি।’

 

রাষ্ট্রপতি দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিকে ‘গেইম চেঞ্জার’ উল্লেখ করে ওআইসিভুক্ত দেশগুলোকে এ ক্ষেত্রে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ, ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমদ আল- ওসাইমিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনে বক্তব্য দেন।

 

সম্মেলনের শুরুতে ওআইসি সামিট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতকে দায়িত্ব হস্তান্তর করে কাজাখস্তান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *