যত শক্তিশালীই হোক পরীমণির ঘটনায় কাউকে ছাড় নয় : হারুন

নজর২৪, ঢাকা- ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ বলেছেন, পরীমণি পুলিশের কাছে অনুরোধ করেছেন, মামলাটি যেন সুষ্ঠুভাবে তদন্ত হয়। যারা পরীমণির সাথে এই কাজটি করেছেন তারা যত শক্তিশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

 

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে ডিবি কার্যালয়ে পরীমণির সঙ্গে কথা বলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

হারুন বলেন, ‘পুলিশ সবসময় চলচ্চিত্র সমিতি এবং যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছেন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে। তাদের যেকোনো সমস্যায় পুলিশ এগিয়ে যাবে। আমরা মামলাটি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে দেখভাল করবো, যাতে সুষ্ঠু বিচার হয়।’

 

তিনি আরও বলেন, এ মামলায় যদি আরও আসামি থাকে তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

 

হারুন-অর-রশীদ বলেন, মামলা রেকর্ড হওয়ার ১২ ঘণ্টা আগেই আসামিদের গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে পরীমনি বলেছেন, পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে এবং এটাও বলেছেন যেন, তিনি (পরীমনি) আইজিপির কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং চলচ্চিত্র শিল্পীদের কাছে আবেদনও করেছিলেন কিন্তু তার (আইজিপি) কাছে যেতে পারিনি। এরপরও আইজিপি স্যার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমাদের জানিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতার করি।

 

বনানী থানায় পরীমনির অভিযোগের বিষয়ে ডিবির এ যুগ্ম-কমিশনার বলেন, ঘটনার রাতে ৪টায় বনানী থানায় পরীমনি গিয়েছিলেন কিন্তু ওই সময় ওসি সাহেব থানায় ছিলেন না। থানায় অসুস্থতাবোধের কারণ হলো- সাময়িকভাবে পরীমনি বিষয়টি মেনে নিতে পারেননি। ওই সময় পরীমনি দ্রুত থানা পুলিশের সহায়তায় হাসপাতালে চলে যান।

 

আসামিদের গ্রেফতারের পর পুলিশকে ধন্যবাদ দেয়ার জন্য পরীমনি তার বাসা থেকে ডিবি অফিসে ছুটে এসেছেন আজ। উনি (পরীমনি) এসে ধন্যবাদ জানিয়েছেন এবং মামলার যাবতীয় বিষয় নিয়ে কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *