পরীমনির পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছে কারা?

নজর২৪ ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশজুড়ে।

 

পরীমনির ওই পেজের ফলোয়ার ১১ লাখের বেশি। তার আলোচিত ওই পোস্টে সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আড়াই লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী রিঅ্যাক্ট দিয়েছেন। অনেকেই জানিয়েছেন ক্ষোভ, সহমর্মিতা প্রকাশ করেছেন অনেকে। তবে এর মধ্যে ‘হা হা’ রিঅ্যাক্ট পড়েছে ৫৩ হাজারের বেশি। এ ছাড়া রয়েছে বিভিন্ন নেতিবাচক মন্তব্য।

 

একজন নারী ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলার পর তাকে উপহাস করার এ ধরনের মানসিকতা নিয়েও আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমাজ ও মনোবিশ্লেষকেরা বলছেন, ধর্ষণচেষ্টার অভিযোগ তোলা নারীর পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্টকে বড় ধরনের সামাজিক অবক্ষয়ের প্রকাশ। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের লাগামহীন ব্যবহার উসকে দিচ্ছে মানসিক বিকৃতিকে।

 

পরীমনির পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে গণমাধ্যম। তাদের কারও দাবি, ভুল করে এ ধরনের রিঅ্যাক্ট দিয়েছেন। আবার অনেকে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দিয়েছেন, কেউ কেউ দেখিয়েছেন বেপরোয়া মনোভাব।

 

পরীমনির পোস্টে হা হা রিঅ্যাক্ট দিয়েছেন আশরাফ হোসেন নিপু। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ বিশেষ কারণেই দিয়েছি। যেহেতু বিশেষ কারণ তাই এটি সিক্রেট। বলব না।’

 

তার মন্তব্যটি প্রতিবেদনে যুক্ত করা হবে জানানো হলে নিপু জানান, এতে তার কোনো পরোয়া নেই। বরং প্রতিবেদনে যেন তার ছবি দিয়ে দেয়া হয়। এমনকি নিউজের লিংকও পাঠানোর অনুরোধ করেন নিপু।

 

আরিফুল ইসলাম অভি নামে একজন বলেন, ‘বিশেষ কোনো কারণ নাই, ইচ্ছা হয়েছে তাই হা হা রিঅ্যাক্ট দিয়েছি। সাংবাদিকদের ডেকে এনে যে ভাবটা করতেছিল সেটা হাস্যকর লাগছে।’

 

হা হা রিঅ্যাক্ট দেয়া অন্তত ২০ জনকে মেসেঞ্জারে টেক্সট করা হলেও তারা উত্তর দেননি। অনেকে আবার প্রতিবেদকের কাছে কারণ জানার পর তাকে ব্লক করে দেন।

 

হা হা রিঅ্যাক্ট দেয়া কয়েক জন অবশ্য বলছেন, তারা ভুল করেছেন। এমন একজন আশাকুল ইসলাম তানজিল বলেন, ‘আমি এটা ভাবতেই পারি নাই যে সিরিয়াস ইস্যু। পড়ে দেখি এটা সিরিয়াস। তখন হা হা রিঅ্যাক্ট তুলে নিয়েছি।’

 

ওয়াজেদ আলী নামের একজন বলেন, ‘আমি প্রথমে বুঝিনি এটা গুরুত্বপূর্ণ কিছু। ভেবেছি হয়তো কোনো সিনেমা বা এমন কিছু। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে জেনে আমি হা হা রিঅ্যাক্ট সরিয়ে নিয়েছি।’

 

হা হা রিঅ্যাক্ট দেয়া আফসানা বলেন, ‘আমি না বুঝেই দিয়েছি আর এর জন্য আমি লজ্জিত। প্রথমে বুঝতে পারিনি। পরে আর একটা মাধ্যমে পড়ে যখন বুঝেছি তখন আমি তা রিমুভ করে দিয়েছি।’

 

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

এর আগে সকালে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন পরীমনি। দুপুরের মধ্যে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন পরীমনি। তিনি বলেন, ‘এত দ্রুতই প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন ভরসা পাচ্ছি। নিশ্চিন্ত হলাম। বাঁচতে পারব। বাকি অভিযুক্ত ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *