নাসির উদ্দিন মাহমুদের নামে লিখিত অভিযোগ দিলেন পরীমনি, বাসায় পুলিশ মোতায়েন

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। এর আগে সাংবাদিকদের কাছে এবং ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেছিলেন।

 

সোমবার (১৪ জুন) ভোরে রূপনগর থানা পুলিশের কাছে তিনি অভিযোগটি করেন। অভিযোগে তিনি ঢাকা বোর্ড ক্লাব লিমিটেডের নাসির উদ্দিন মাহমুদের কথা উল্লেখ করেছেন।

 

রূপনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আমরা পরীমণির বাসায় গিয়ে তার কাছ থেকে বিস্তারিত শুনেছি ও বক্তব্য নিয়েছি। তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি সেই অভিযোগ সাভার থানার কাছে পৌঁছে দিচ্ছি। তারা এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবেন।

 

বাংলাদেশ পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, পরীমণি পুলিশের প্রয়োজনীয় ও উপযুক্ত সেবা পাবেন। উপযুক্ত বিচার পাবেন।

 

এদিকে নায়িকা পরীমনির বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বনানীর বাসার সামনে থানা পুলিশের একটি টহল দল মোতায়েন করা হয়েছে।

 

বনানী থানার একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ৫ সদস্যের পুলিশ দল সোমবার সকাল থেকে নায়িকা পরীমনির বাসার সামনে অবস্থান করছে।

 

এ তথ্য নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘নায়িকা পরীমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। সেই অনুযায়ী আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি।

 

‘পরবর্তীতে তার কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা নিশ্চয়ই সে অনুযায়ী ব্যবস্থা নিব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *