কাঁদছেন পরীমনি, ভয়ে নামও বলতে পারছেন না

বিনোদন ডেস্ক- ‘আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে,’ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই অভিযোগ করেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি।

 

রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডেকে তার কাছে বিচার চাইলেন এ চিত্রনায়িকা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া পরীমনির সেই স্ট্যাটাস পোস্টের কয়েকমিনিটের মধ্যেই ভাইরাল হয়েছে।

 

পোস্টের পর ১ ঘণ্টা পার হওয়ার আগে প্রায় ৫০ হাজার লাইক জমা পড়েছে তাতে। মন্তব্য জমা পড়েছে ১৪ হাজারের বেশি। শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার।

 

সিনেপ্রেমীদের প্রশ্ন, হঠাৎ কেন এমন স্ট্যাটাস দিলেন পরীমনি? কে বা কারা নির্যাতন করেছেন এই চিত্রনায়িকাকে? আইনশৃঙ্খলা বাহিনী নীরব কেন?

 

এ বিষয়ে পরীমণির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন গণমাধ্যম কর্মীরা। ফোন ধরেই কাঁদতে লাগলেন তিনি। জানালেন, তার স্ট্যাটাসটি সত্য। অনেক ভেবেচিন্তেই এই স্ট্যাটাস দিয়েছেন। তার সঙ্গে অনেক খারাপ কিছু ঘটেছে যে স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন।

 

কিন্তু স্ট্যাটাসে অভিযুক্তের নাম লেখেননি, কে বা কারা তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছে? সেই প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘এটা আমি অবশ্যই বলব। তবে ফোনে বলা যাবে না। আপনারা সাংবাদিকরা আসেন। আমি সবার সামনে, ক্যামেরার সামনে বলতে চাই। আমি সবাইকে জানাতে চাই। আমার ভরসা নষ্ট হয়ে গেছে। আমি কাউকে ভরসা করতে পারি না ভাই।

 

আজ রাতে আমার যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? আমি এজন্য ফোনে কিছু বলব না।’

 

এর আগে ফেসবুকে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেইপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

 

পরিচিত বা চেনাজনদের যে পরীমনি এ ঘটনা বলেছেন, সেটিও তিনি লিখেছেন। তবে কারও সহযোগিতা পাননি বলে অনুযোগ করেছেন।

 

পরীমনি লেখেন, ‘যাদের পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে দেখছি বলে চুপ হয়ে যায়!’

 

পুলিশপ্রধান বেনজীর আহমেদকে উদ্দেশ করেও লিখেছেন পরীমনি।

 

তিনি লেখেন, ‘এই বিচার কই চাইব আমি? কোথায় চাইব? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা।’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে তিনি লেখেন, ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।

 

‘মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।‘

 

তিনি লেখেন, ‘আমি চুপ কী করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’- শেখ হাসিনাকে উদ্দেশ করে লেখেন তিনি।’

 

পরীমনি আরও লেখেন, ‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সঙ্গে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।’

 

আড়াই বছর বয়সে মাকে হারানোর কথা তুলে ধরে পরীমনি লেখেন, ‘এতদিনে কখনও আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *