Home আলোচিত রেস্টুরেন্টে জবাই করার সময় ২০০টি মরা মুরগিসহ আটক ৭

রেস্টুরেন্টে জবাই করার সময় ২০০টি মরা মুরগিসহ আটক ৭

0
160

নজর২৪, ঢাকা- রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০ মরা মুরগি উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় জড়িত ৭ জনক আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

শনিবার (১২ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।

 

তিনি বলেন, আমাদের সাদা পোশাকের সদস্যরা বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে ২০০ মরা মুরগিসহ হাতেনাতে ৭ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এ সময় অভিযানের নেতৃত্ব দেন- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ।

 

জানা গেছে, পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতিদিনই শত শত মরা মুরগি ঢুকছে রাজধানীতে। একাধিক সিন্ডিকেট জীবিত মুরগির চেয়ে তুলনামূলক অনেক কম দামে বিভিন্ন রেস্টুরেন্ট এবং পথের পাশে ভ্রাম্য্যমাণ ভাজা-পোড়া দোকানে এসব মুরগি বিক্রি করছে। ঢাকার বিভিন্ন বাজার থেকে প্রতিরাতে যেসব মরা মুরগি আসে সেসব একটি সিন্ডিকেটের কাছে ঠিকা হিসেবে বিক্রি করে দেওয়া হয়। পরে ওইসব মুরগি ক্রেতাদের কাছে বস্তা বন্দী করে পাঠিয়ে দেওয়া হয়। আবার ক্রেতারাও এসে নিয়ে যায় মরা মুরগি। সব কিছুই হয় ভোর রাতের দিকে।

 

এদিকে ঢাকার বিভিন্ন বাজারেও প্রকাশ্যে ভাগা দিয়ে বিক্রি হচ্ছে মরা মুরগি। অসাধু দোকানিরা রাতভর বিভিন্ন মুরগির দোকান থেকে মরা মুরগি সংগ্রহ করে। পরে এসব মুরগি কেটে নাড়িভুড়ি পরিষ্কার করে তা কেজি দরে বিক্রি করে। রেস্টেুরেন্টে জীবিত মুরগির দামে মরা মুরগি বিক্রি করা গেলেও রাস্তার পাশের দোকানগুলো থেকে মরা মুরগি বিক্রি হয় তুলনামূলক কম দামেই। আর এসব মুরগির বেশিরভাগ ক্রেতাই হলো দরিদ্র পেশাজীবী মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here