আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাল এক মাসের মাথায় ফের উড়ে গেল

নজর২৪, দিনাজপুর- ঝড়-বৃষ্টি হচ্ছিল। হঠাৎ নির্মাণাধীন ঘরের লিনটনের ওপর থেকে রডসহ টিনের চালা উড়ে যায়। ছিটকে পড়ে দরজা।গত বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে।

 

এর আগে গত ১০ মে এই প্রকল্পের পাঁচটি ঘরের টিনের চালা উড়ে যায়। ভেঙে পড়ে বারান্দার পিলার। এক মাসের মাথায় একই ধরনের ঘটনায় ঘর পাওয়া গৃহহীন ও ভূমিহীনরা আতঙ্কিত হয়ে পড়েছে।

 

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় শুরু হয়। এসময় ঝড়ে দিনাজপুরের ফুলবাড়ীতে বাসুদেবপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন একটি ঘরের লিনটনের ওপর থেকে রডসহ উড়ে যায় টিনের চাল।

 

সরেজমিন দেখা যায়, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট। ঘরের পাশের রান্নাঘরের দরজা ছিটকে পড়েছে। এছাড়াও অপর ঘরগুলোতে ফাটল দেখা গেছে।

 

ঘর নির্মাণকারী শফিকুল ইসলাম বলেন, ‘বাসুদেবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করেছেন রফিকুল ইসলাম নামের এক ঠিকাদার। তার কাজের মান ভালো না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাগ দেখালে তিনি কাজ ছেড়ে পালিয়েছে। পরে গত বুধবার থেকে আমাকে ওই প্রকল্পে কাজের জন্য ইউএনও অনুমতি দিয়েছেন।’

 

ফুলবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সাফিউল ইসলাম বলেন, ‘ঘরের লিনটনের ওপর থেকে রডসহ টিনের চাল উড়ে গেছে। ঘরের কাজ তো এখনও কিছুই হয়নি। কেবল টিন লাগিয়েছে। বাতাসের গতিবেগ বেশি থাকলে এমন হওয়া স্বাভাবিক।’

 

ফুলবাড়ীর ইউএনও মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবারে প্রচণ্ড ঝড়ে নির্মাণাধীন একটি ঘর ভেঙে গেছে। সেটি সংস্কার করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *