মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরের বৈরান নদীর ওপরে কোনাবাড়ী বাজার টু কালী মন্দির রাস্তার সংযোগ ব্রিজটি ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আজ শুক্রবার (১১ জুন) সকাল ৬টায় টানা দুই দিনের বৃষ্টিতে কালী মন্দির রাস্তার সংযোগ পাড়ে দুটি পিলারসহ ব্রিজের একপাশে ভেঙে পড়ে।
জানা যায়, প্রতিদিন এ ব্রিজ দিয়ে শত শত হালকা যানবাহন চলাচল করে। জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে গোপালপুর পৌর মেয়র মো. রকিবুল হক ছানা নজর২৪কে জানান, ব্রিজটি ভেঙে পড়েছে জানতে পেরে দ্রুত ব্রিজটি পরিদর্শন করেছি।
তিনি বলেন, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, এরমধ্যে টানা দুই দিন বৃষ্টির ফলে এটি ভেঙে পড়েছে। আমি খুব দ্রুত মানুষ চলাচলের জন্য ব্রিজটি উপযোগী করে দেব।
উল্লেখ্য, বৈরান নদীর ওপরে উক্ত ব্রিজটি দীর্ঘদিন আগে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে ঝুঁকিপূর্ণ ব্রিজটি নিয়ে প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রতিবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়েনি।





