নজর২৪, দিনাজপুর- গতকাল দিনভর রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিযের গুঞ্জন শোনা গেলেও সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। মন্ত্রী নিজেও বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন। তবে অবশেষে রেলমন্ত্রী বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পাত্রীর ভাই।
৬৫ বছর বয়সী মন্ত্রী এবার বিয়ে করেছেন দিনাজপুরের মেয়ে শাম্মী আকতারকে (৪২)। গত ৫ জুন উত্তরার একটি রেস্টুরেন্টে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শাম্মী আকতারের বড় ভাই মো. মিলন হোসেন।
শাম্মী বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন।
স্থানীয়রা জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) লাইনম্যান পদে চাকরির সুবাদে কয়েক বছর আগে আব্দুর রহিম বিরামপুরে আসেন। তারপর বিরামপুরেই থেকে যান। এরপর বিরামপুরের নতুন বাজার এলাকায় জায়গা কিনে বাড়ি করে স্থায়ী হন।
বোনের বিয়ের বিষয়টি নিশ্চিত করে মিলন বলেন, প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ঘরোয়াভাবে শনিবার আমার বোনের সঙ্গে রেলমন্ত্রীর বিয়ে হয়েছে। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনে পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম। আনুষ্ঠানিকভাবে ছোট পরিসরে যতটুকু করা দরকার; সেভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।
শাম্মী আকতার বর্তমানে উত্তরাতে থাকেন জানিয়ে মিলন বলেন, আমার বোন উত্তরায় থাকে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিনে চাকরি করতো। এরইমধ্যে ল’ পাস করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছে। শাম্মী বর্তমানে উত্তরার বাসায় আছে। ডিসেম্বরে স্বামী রেলমন্ত্রী সুজনের বাড়িতে যাবেন।
তিনি আরও বলেন, আমার বোনের এর আগে কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল। পারিবারিক সমস্যার কারণে ২০১১ সালে ডিভোর্স হয়ে যায়। ওই ঘরে একটি মেয়ে রয়েছে। এরপর থেকে মেয়েকে নিয়ে ঢাকায় থাকে আমার বোন। ঈদ ও বিভিন্ন অনুষ্ঠানে বিরামপুরের বাড়িতে বেড়াতে আসতো। মাঝে মধ্যে আমরাও যাই।
শাম্মী আকতার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পূর্ব পরিচিত। বিয়েতে মন্ত্রীর পরিবারের কেউ উপস্থিত ছিল না, অনেকটা পরিবারকে না জানিয়ে শুধুমাত্র বন্ধুদের নিয়ে বিয়ে সেরেছেন মন্ত্রী।
তবে মন্ত্রীর ছেলে-মেয়ে ও পরিবারের ঘনিষ্টজনরা না জানায় মন্ত্রী ব্যাপারটি এড়িয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে।
৬৫ বছর বয়সী নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হন তিনি।
