শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

নজর২৪, ঢাকা- আজ শুক্রবার (১১ জুন) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। ওয়ান-ইলেভেনের সরকারের সময় তিনি দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এদিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান।

 

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। বন্দি থাকা অবস্থায় কারা অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে ওই সময় বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।

 

আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

 

পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেয়া হয় তাকে।

 

পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনাও টানা তৃতীয়বারসহ চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে। কিন্তু এ বছর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে যার যার জায়গা থেকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের নিকট দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগ।

 

একই সাথে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্বুদ্ধ একটি উন্নত-সমৃদ্ধ কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছে আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *