কাভার্ডভ্যান থেকে গার্মেন্ট পণ্য চুরি, আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নজর২৪, ফেনী- ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের দেওয়ানগঞ্জ এলাকায় কাভার্ডভ্যান থেকে রপ্তানিকৃত গার্মেন্ট পণ্য চুরি করে গুদামে মজুতের সময় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আজাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় পোল্যান্ডে রপ্তানিকৃত ১ কোটি ৭ লাখ ৫২ হাজার টাকা মূল্যের গার্মেন্ট পণ্য (সোয়েটার) উদ্ধার ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত হলো- ফেনী শহরের উত্তর চাড়ীপুর হামিদ ভূইয়া বাড়ীর তাজুল ইসলামের ছেলে ও ফেনী পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আজাদ (৪২), চোরাই পণ্য মজুদকৃত গুদামের মালিক উত্তর চাড়িপুর মুক্তার বাড়ি মো. শাহজাহানের ছেলে মো. জাহাঙ্গীর আলম স্বপন (৪০), কাভার্ডভ্যান চালক কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মধ্যম পাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. হানিফ (২৮) ও কাভার্ডভ্যানের হেলপার চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বার কেরানী এলাকার এম এ কাদেরের ছেলে মো. মহসিন (১৮)।

 

র্যাব ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার গাজীপুরের কালিকাপুর থেকে লিবার্টি গ্রুপের গার্মেন্ট পণ্য একটি কভার্ডভ্যান বোঝাই করে রফতানির জন্য চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়। কাভার্ডভ্যানটি সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে ফেনী শহরের অদূরে দেওয়ানগঞ্জ এলাকায় পৌঁছে। তখন ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ ওই কাভার্ডভ্যানটি মালামালসহ একটি গুদামে নিয়ে যায়।

 

রাতেই সেখানে কাভার্ডভ্যান থেকে সব মালামাল সরিয়ে ফেলে গাড়িটি সড়কের পাশে ফেলে রাখে তারা। পরে স্থানীয় লোকজনের দেয়া তথ্যমতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মো: মাহফুজুর রহমানের নেতৃত্বে ওই গুদামে অভিযান চালায়। এসময় ওই চারজনকে ​হাতেনাতে গ্রেফতার করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

 

গার্মেন্ট পণ্যসামগ্রী চট্টগ্রাম বন্দর হয়ে জার্মানিতে যাওয়ার কথা ছিল। কিন্তু গার্মেন্ট পণ্য পরিবহনের চালক ও স্থানীয় নেতা আজাদসহ অন্যরা আগে থেকে চুক্তি অনুযায়ী পণ্যগুলো ফেনী পৌঁছানোর পর কার্টন থেকে মালামাল সরিয়ে ফেলেন। প্রতি কার্টনে ৩২ পিস মালামাল থাকে; কিন্তু সেখান থেকে আট পিস পণ্য সরিয়ে রাখে চক্রটি।

 

কার্টনটি আবার সুন্দরভাবে আগের মতো প্যাকিং করে দেয়া হয়। ডাকাত চক্র কাভার্ডভ্যানটির সিলগালা না খুলে অন্য পাশ দিয়ে গাড়ির নাটবোল্ট খুলে ভেতর থেকে মালামাল সরিয়ে পুনরায় প্যাকিং করে দেয়। প্যাকিং খোলা ও পুনরায় প্যাকিং করার সব ধরনের জিনিসপত্র তাদের গুদামে রাখা আছে।

 

র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মো: মাহফুজুর রহমান জানান, কাভার্ডভ্যানটিতে মোট ৩৩৬টি কার্টনে গার্মেন্ট পণ্য ছিল। প্রতিটিতে ৩২ পিস করে সোয়েটার ছিল। প্রতি কার্র্টন থেকে আট পিস করে সোয়েটার রেখে দিচ্ছিল তারা।

 

তিনি আরো জানান, এ চক্রটি দীর্ঘ দিন থেকে এভাবে কাভার্ডভ্যানের চালক ও সহকারীদের সহায়তায় গার্মেন্ট সামগ্রী চুরির কাজ করে আসছিল। এতে বিভিন্ন কোম্পানির সাথে জার্মান প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের পাশাপাশি দেশের সুনামও ক্ষুন্ন হচ্ছিল। এ ঘটনায় এসব মালামালের মালিক গার্মেন্ট কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

আজাদকে আ’লীগ থেকে বহিষ্কার : এ দিকে ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে পৌর আওয়ামী লীগের সিদ্ধান্তক্রমে আনোয়ার হোসেন আজাদকে দলীয় সব কর্মকাণ্ড এবং দলীয় পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *